মেঘনায় নিখোঁজ সুস্মিত ফিরলেন নিথর হয়ে

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নারায়ণগঞ্জ শাখার শিক্ষাসফরে গিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহার (১৫) লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এর আগে, রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লাশটি মোহনপুর এলাকায় ভেসে ওঠে।

সুস্মিত সাহা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রূপায়ণ টাউন এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুধাংশু সাহা। এক ভাই ও এক বোনের মধ্যে সুস্মিত বড়।

বিষযটি নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, রবিবার সকালে মেঘনা নদী হতে সুস্মিত সাহার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সুস্মিতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বাবা লাশ নিতে এসেছেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্রে শিক্ষাসফরে যায় নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওই পর্যটনকেন্দ্র এলাকার পাশে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে দুই শিক্ষার্থী ডুবে যায়। এর মধ্যে শাহরিয়ার ইসতিহাক ওরফে শামস (১৬) নামের এক শিক্ষার্থীর লাশ কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সুস্মিত সাহা নিখোঁজ ছিল।