নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, কনস্টেবল রুবেল রিমান্ডে

চট্টগ্রামে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের মামলায় কনস্টেবল রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রুবেল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আজ রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান জানান, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে রুবেল মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ওই নারী পুলিশ সদস্য নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার পর ১৮ ফেব্রুয়ারি কনস্টেবল রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে মহানগর পুলিশ।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি বিকেলে চান্দগাঁও থানার বহদ্দারহাটে এলাকার একটি আবাসিক হোটেলে কৌশলে ডেকে নিয়ে ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করেন রুবেল। পরে এসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণা করেন রুবেল।