ভারতের আম আদমি পার্টির নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দিল্লিতে মদ বিক্রয় নীতি নিয়ে দুর্নীতির জেরে তাকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভির খবরে বলা হয় রবিবার সকাল ১০টার দিকে সিবিআই কার্যালয়ে উপস্থিত হন মনিষ। এ সময় সমর্থকদের নিয়ে র্যালি করেন তিনি। সে সময় তিনি বলেন, 'আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দিতে চান'।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনাকে ‘নোংরা রাজনীতি’ বলে বর্ণনা করেছেন। এ ছাড়া মনিষের গ্রেফতারকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ বলে নিন্দা জানিয়েছে আম আদমি পার্টি।