চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় তালাবদ্ধ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশীর মাধ্যমে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
খুলশি থানার ওসি সন্তোষ চাকমা জানান, কিছুদিন আগে দিনমজুর পরিচয় দিয়ে তিন ব্যক্তি কাঁচা ঘরটি ভাড়া নেন। এটির মালিক ছেনোয়ারা নামে এক নারী।
গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ছেনোয়ারা বেগমের ধারণা ছিল, ভাড়াটিয়ারা হয়তো কোথাও বেড়াতে গেছেন। প্রতিবেশীরা ছেনোয়ারা ভাড়াঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।