ছাত্রলীগ পরিচয়ে দোকান কর্মচারীকে মারধর

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা পরিচয়ে দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বিক্ষোভে নগরীর সি,কে ঘোষ রোড ও রামবাবু রোড দোকান মালিক সমিতি ও দোকান কর্মচারী ইউনিয়ন অংশ নেয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে থানায় মামলা গ্রহন ও তদন্ত পূর্বক বিচারের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে খুলে দেয়া হয় দোকানপাট।

এদিকে বিষয়টি আপস-মীমাংসার জন্য স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ দোকান কর্মচারী ও মালিকদের চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের চাপে সকালে আলটিমেটাম দিয়েও দুপুরে দোকান খুলে দিতে বাধ্য হন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গতকাল রবিবার রাতে ছাত্রলীগ পরিচয়ে নাহিদ হাসান রাকিবসহ ৫/৭ জন যুবক সি,কে, ঘোষ রোডের দয়াল রেডিও সার্ভিসে সাউন্ড বক্স কিনতে গিয়ে মূল্য নিয়ে দোকান কর্মচারীদের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হন এবং এক পর্যায়ে হামলা চালিয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ওই দোকানের কর্মচারী বাদলকে মারধর করা হয়।

এদিকে অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও ছাত্রলীগ নেতা নাহিদ হাসান রাকিবের বক্তব্য জানা যায় নি।

অভিযুক্ত রাকিব সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক হোসেন জানান, হামলা ও দোকান কর্মচারীকে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।