বাংলাদেশি কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোনো ভিসা লাগবে না।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ বিষয়ে চুক্তি সই হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে আরও তিনটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আওতায় ফুটবলাররা আর্জেন্টিনায় গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ চলবে।
বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, ‘মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিমোহিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে।’
এর আগে, বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধনের পর বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান সান্তিয়াগো ক্যাফিয়েরো।