দাম্মাম-রিয়াদ রুটের বিমান ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট স্থগিত থাকলেও জরুরি প্রয়োজনে যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইটের স্থগিতকরণের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) এই দুই গন্তব্যের সকল ফ্লাইট স্থগিত থাকবে।

আজ রবিবার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট স্থগিত থাকলেও জরুরি প্রয়োজনে যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটেও নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট চলাচল করছে।

স্থগিত থাকা ফ্লাইটগুলোর পরবর্তী আপডেট, নতুন সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া টিকিট পরিবর্তন কিংবা যেকোনো ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 
সর্বশেষ সর্বাধিক পঠিত