লিওনেল মেসি ফিফার দ্য বেস্ট সম্মান পেয়েছেন। প্রতি বছর ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজনকে বেছে নেওয়া হয়।
কিন্তু আর্জেন্টাইন মহাতারকাকে ভোট দেননি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি তার ভোটাধিকার কাজেই লাগাননি এবার।
প্যারিসে সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ছেলেদের বিভাগে সেরা ফুটবলারের স্বীকৃতি পান মেসি। এই নিয়ে সপ্তমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন তিনি।
প্রতিবার ফিফা দ্য বেস্ট পুরস্কারের পর সবার মনেই কৌতূহল জাগে- মেসি ও রোনালদো কে কাকে ভোট দিয়েছেন। কিন্তু এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রোনালদোর পরিবর্তে পর্তুগাল দল থেকে ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপে।
কাতার বিশ্বকাপের পর পর্তুগাল কোনো ম্যাচ খেলেনি। কাতারে অনুষ্ঠিত আসরে নিয়মিত শুরুর একাদশে রোনালদোকে খেলাননি সেই সময় পর্তুগালের ডাগআউটে থাকা কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু কাগজকলমে দলটির অধিনায়ক ছিলেন রোনালদোই। রোনালদোও নেতৃত্ব ছেড়ে দেওয়ার কোনো ঘোষণা দেননি। সব মিলিয়ে পর্তুগালের অধিনায়ক এখনো রোনালদোই আছেন।
রোনালদোর জায়গায় ভোট দেওয়া ৪০ বছর বয়সী পেপেও আবার মেসিকে ভোট দেননি। এমনকি মেসি তার তৃতীয় পছন্দও নন। পেপে প্রথম ভোটটি দিয়েছেন মেসির পিএসজি–সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে। দ্বিতীয় ও তৃতীয় ভোটটি তিনি দিয়েছেন রিয়ালে তার দুই সাবেক সতীর্থ লুকা মদরিচ ও করিম বেনজেমাকে।
পর্তুগালের নতুন কোচ মার্টিনেজ অবশ্য প্রথম ভোটটিই দেন মেসিকে। তার পরের ভোট দুটি পেয়েছেন কেভিন ডি ব্রুইন ও এমবাপ্পে।