‘বাবু নাম্বার ওয়ান’ নিয়ে বড় পর্দায় আসছেন আবরার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, টেলিফিল্ম ‘কলি ২.০’, একটি ওয়েব সিনেমা ‘মাইনকার চিপায়’, ওয়েব সিনেমা ‘আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান’ এবং সর্বশেষ অ্যান্থলজি সিনেমা ‘ওয়ান পিস মেইড কারিগর ইজ ডেড’ নির্মাণ করে আলোচিত হন তরুণ নির্মাতা আবরার আতহার। এরপর অনেকটা পার হলেও নতুন কোন কাজে পাওয়া যায়নি তাকে।

খানিক বিরতি কাটিয়ে এবার ফিরছেন তিনি, নতুন সিনেমা নিয়ে। টেলিভিশন, ওটিটি দাপিয়ে এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ইতিমধ্যেই সিনেমা নির্মাণের সকল প্রস্ততি শেষ করেছেন বলেও জানান তিনি।

জানা গেছে, তার সিনেমার নাম ‘বাবু নাম্বার ওয়ান’। সাসপেন্স, থ্রিলার ও ফ্যামিলি ড্রামা ঘরানার এ সিনেমাটি নির্মিত হবে ৯ বছর আগে রাজধানীর শাহজাহানপুরে এক ম্যানহোলে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে।

সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নয় জানিয়ে দেশ রূপান্তরকে আবরার আতহার বলেন, ‘২০১৪ সালে রাজধানীর শাহজাহানপুরের এক ম্যানহোলে পড়ে মৃত্যু ঘটে জিহাদ নামে ছোট্ট এক শিশুর। জিহাদের মৃত্যু সারাদেশের মানুষের মনে নাড়া দিয়েছিল। আমার সিনেমাটি একদম যে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে, তা না। ঐ ঘটনাটা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নির্মাণ করতে যাচ্ছি ‘বাবু নাম্বার ওয়ান’। এই গল্পটার মধ্য দিয়ে আমি অনেক কিছুই বলতে চাই, দেখাতে চাই। সবাই তো তার কাজ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলে কিন্তু আমি বলবো, এটা দেখে কেউ অনুপ্রাণিত হবেন না।’

তিনি আরও বলেন, ‘লাইফ ইন আদার ওয়ার্ডস, কলি ২.০, মাইনকার চিপায়, আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান, ওয়ান পিস মেইড কারিগর ইজ ডেড- বানানোর পর আমি একটা বিরতি নিয়েছিলাম। অনেকেই বলছিল কেন কাজ করছি না। মাঝের সময়টা নিয়েছি শুধু সিনেমার জন্য, নিজেকে নতুন করে গোছানোর জন্য। এই সময়টাতে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, স্ট্রাগল করেছি একটা ধামাকা কিছুর জন্য এবং ফাইন্যালি সেটা হতে যাচ্ছে।’

‘বিরতির পর কামব্যাকটা যেন দারুণ কিছু দিয়ে হয়, সে চেষ্টায় ছিল। তিনটি সিনেমার কাজ অলমোস্ট রেডি। একটা বড় পর্দার জন্য, একটা ওটিটির জন্য আরেকটা কলকাতার। ওটিটির জন্য যেটা করবো সেটা নেটফ্লিক্সের জন্য হবার সম্ভাবনা রয়েছে।’-যোগ করেন ‘মাইনকার চিপায়’ খ্যাত এ নির্মাতা।

নির্মাতা জানান, ছবিটিতে কারা অভিনয় করবেন তা এখনই বলা যাচ্ছে না, তবে সেটি শিগগিরই জানানো হবে। সবকিছু ঠিক থাকলে বর্ষাকালে সিনেমাটির শুটিং শুরু হবে।