মামুনুর রশীদের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার বাইপ্যাপের মাস্ক খুলে দেওয়া হয়েছে। তবে এখনো হাইফ্লো অক্সিজেনের মাধ্যমে ২০ শতাংশ সাপোর্ট নিতে হচ্ছে। 

আজ রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আরণ্যক নাট্যদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুনুর রশীদের রক্তে সংক্রমণের মাত্রা ধীরগতিতে কমছে। আশা করা হচ্ছে, আগামী এক-দুই দিনের মধ্যে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন।

এর আগে মামুনুর রশীদের ভাই চিত্রশিল্পী রশিদ আমিন জানিয়েছিলেন, গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সে সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। বর্তমানে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগেও গুরুতর অসুস্থতার কারণে আইসিইউতে ছিলেন মামুনুর রশীদ। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে অভিনয়েও যুক্ত হন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি নেপালে গিয়ে দেশটির একটি স্থানীয় মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত