টাঙ্গাইলের কালীহাতিতে পিকআপ ভ্যান উল্টে ৩ নারী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাহেরা খাতুন। বাড়ি জামালপুরে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, আজ দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান সিরাজগঞ্জের এনায়েতপুর মাজারে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিন যাত্রী মারা যায়। এ সময় আহত হয় কমপক্ষে ১৫ জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহেরা খাতুন। আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।