বাংলাকে বিভক্ত করেছে হিন্দু মহাসভাপন্থিরা

পূর্ববঙ্গ থেকে যখন স্বায়ত্তশাসনের দাবি তোলা হয় তখন যুক্তি হিসেবে পাকিস্তানে দুই অংশের ভেতরকার আঞ্চলিক বিচ্ছিন্নতা ও দূরত্বের যুক্তি তো থাকেই, ১৯৪০ সালে গৃহীত যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭-এ পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা সেই প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। লাহোর প্রস্তাবে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে, প্রস্তাবিত রাষ্ট্রটি এককেন্দ্রিক হবে না, এর থাকবে দুটি অংশ, একটি ভারতবর্ষের উত্তর-পশ্চিমে অপরটি উত্তর-পূর্বে; দুটি অংশই হবে ‘স্বাধীন’। জোর দিয়েই বলা হয়েছিল যে, constituent states shall be autonomous and sovereign। অর্থাৎ তারা কেবল যে স্বায়ত্তশাসিত হবে তা-ই নয়, তাদের ‘সার্বভৌমত্ব’ও থাকবে। তখন পাকিস্তান ছিল একটা ধারণা।

কিন্তু ১৯৪৬ সালে যখন দেখা গেল ধারণাটির বাস্তবায়ন ঘটতে যাচ্ছে তখন মোহাম্মদ আলী জিন্নাহ’র ইচ্ছানুসারে এবং তার নিকটস্থ ব্যক্তিদের সমর্থন অনুযায়ী ব্যবস্থাপক পরিষদসমূহের সদস্যদের এক সম্মেলনে প্রস্তাবটি সংশোধন করে নিয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জায়গাতে একটি এককেন্দ্রিক রাষ্ট্রের কথা বসিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন করেন। পাকিস্তানের জন্য জিন্নাহ সাহেব প্রাণপাত করছেন, অথচ তিনি শাসনকর্তা হবেন শুধু একটি অংশের, এটি কেমন কথা। তিনি অখণ্ড পাকিস্তান চাইলেন, নেহরু যেমন চাইছিলেন অখণ্ড ভারত। আদি প্রস্তাবের সংশোধনীটি তিনি উত্থাপন করিয়ে নিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দিয়েই, যিনি তখন কেবল যে বাংলার প্রধানমন্ত্রী তাই নন ভারতবর্ষে একমাত্র পাকিস্তানপন্থি প্রধানমন্ত্রীও বটে। ইতিহাসের কৌতুক এখানেও যে, মূল নায়ক, কুশলী জিন্নাহ আদি প্রস্তাবটি উত্থাপন করিয়েছিলেন যাকে দিয়ে তিনি, এ কে ফজলুল হকও ছিলেন বাংলার তখনকার প্রধানমন্ত্রী, এবং যাকে দিয়ে তিনি সেই প্রস্তাবকে সংশোধনের মাধ্যমে কিম্ভূতরূপে বিকৃত করার প্রস্তাব উত্থাপন করালেন সেই সোহরাওয়ার্দীও ছিলেন বাংলারই প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, আরদ্ধ কর্মটি সম্পাদিত হওয়ার পর ‘শেরে বাংলা’ ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী দুজনেই পেয়েছিলেন একই রকমের সমাদর। পাকিস্তান প্রতিষ্ঠার প্রক্রিয়াকালীনই ফজলুল হককে নানাভাবে অপদস্থ করে বাংলার প্রধানমন্ত্রিত্ব ও মুসলিম লীগে তার অবস্থান, দুজায়গা থেকেই ঠেলে-ধাক্কিয়ে বের করে দেওয়া হলো। এবং পাকিস্তান প্রতিষ্ঠার পরে সোহরাওয়ার্দীকে প্রায় একই ভাবে নতুন রাষ্ট্রের পূর্বাংশের প্রধানমন্ত্রিত্ব থেকে তো অবশ্যই, এমনকি গণ-পরিষদের সদস্য পদ থেকেও বঞ্চিত করা হলো। পাকিস্তানের কোনো-অঞ্চলেরই-বাসিন্দা নন, এই কারণে পাকিস্তানের নতুন শাসকদের মধ্যে যাদের পক্ষে গণপরিষদের সদস্য থাকার উপায় ছিল না, এমন ছয়জনকে পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের সদস্যদের কোটা থেকে গণপরিষদে পাঠানো হলো।

এদের মধ্যে নবাবজাদা লিয়াকত আলী খান ছিলেন প্রধান; যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হলেন, এবং হওয়ার পরপরই পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন কীভাবে ও কতটা পরিমাণে হরণ করা যায় সে কাজে তৎপর হয়ে উঠলেন। অখণ্ড বাংলাকে যে বিভক্ত করা হয়েছে তার দায়িত্ব অনেকেরই, কিন্তু প্রধান অপরাধী হচ্ছে কংগ্রেসের অভ্যন্তরের হিন্দু মহাসভাপন্থিরা। অবাঙালি পাকিস্তানপন্থিরা বাংলার সবটা না-পাওয়াতে অসন্তুষ্ট হয়েছিল অবশ্যই, কিন্তু কে জানে ভেতরে ভেতরে এইটুকু ভেবে স্বস্তি পেয়েছিল কি না যে কলকাতাকে না-পাওয়াতে মন্দের ভালো হয়েছে, কেননা ভারতবর্ষের ওই দ্বিতীয় বৃহত্তম নগরটি পাকিস্তানে এলে সেটাকেই হয়তো রাজধানী করবার দাবি উঠত। তবে তাদের উদ্বিগ্ন হওয়ার যথার্থ কোনো কারণ ছিল না, কারণ বাংলার মুসলিম লীগে এমন কোনো নেতা তখন  ছিলেন না যিনি শক্তভাবে অমন দাবি তুলতে পারতেন।

সে যাই হোক, স্বাধীন হওয়ার পরপরই টের পাওয়া গেল যে পূর্ব বাংলা পাঞ্জাবশাসিত পাকিস্তানের একটি অভ্যন্তরীণ উপনিবেশ হতে চলেছে। সে জন্যই দাবি উঠেছে স্বায়ত্তশাসনের, এবং ওই দাবিকে যৌক্তিক দিক দিয়ে জোরদার করবার জন্য উল্লেখ করা হয়েছে আদি লাহোর প্রস্তাবের। বলা হয়ে থাকে যে, মুসলিম লীগের নেতাদের স্বার্থান্বেষী ও স্বেচ্ছাচারী আচরণে বিক্ষুব্ধ হয়ে সোহরাওয়ার্দী-আবুল হাশিমপন্থিরাই উদ্যোগ নিয়ে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। প্রকৃত প্রস্তাবে তৎপরতাটা সোহরাওয়ার্দীপন্থিদের তুলনায় হাশিমপন্থিদের দিক থেকেই ছিল অধিক উল্লেখযোগ্য। প্রথমত, সোহরাওয়ার্দী নিজে পূর্ববঙ্গকে নয়, পশ্চিম পাকিস্তানকেই তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন; দ্বিতীয়ত, তিনি সেখানে গিয়ে জিন্নাহ-আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল গঠন করেছিলেন এবং আশা করছিলেন পূর্ববঙ্গে তার একটি শাখা প্রতিষ্ঠিত হবে।

অন্যদিকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনে যে তরুণরা উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শামসুল হক, যাকে দলের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়; এবং মতাদর্শিকভাবে শামসুল হক ছিলেন আবুল হাশিমের রব্বানিয়াত দর্শনের অনুসারী। নতুন দলের ঘোষণাপত্রটি শামসুল হকই লিখে থাকবেন, কারণ তাতে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তান খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র হবে এবং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে জনগণ সার্বভৌম ক্ষমতা ও প্রভুত্বের অধিকারী হবে। এটি রব্বানিয়াত দর্শনেরই কথা। তবে ‘মূলদাবি’ হিসেবে শামসুল হক যে লাহোর প্রস্তাবের কথা বলেছেন সেটা আরও অধিক তাৎপর্যপূর্ণ। তার মতে, লাহোর প্রস্তাব ‘সর্বকালের সর্বযুগের সর্বদেশের যুগপ্রবর্তক ঘটনাবলির ন্যায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করিয়াছে।” মনে হচ্ছে উদ্যোগীদের দৃষ্টিতে লাহোর প্রস্তাব ছিল একটি মহাবৈপ্লবিক ঘটনা। তবে, তাদের মতে, মুসলিম লীগ নেতৃত্বের অপরাগতার দরুন ওই বিপ্লবের লক্ষ্যগুলো অর্জন করা যেহেতু সম্ভব হয়নি তাই মুসলিম লীগকে “স্বার্থান্বেষী মুষ্টিমেয় লোকদের পকেট হইতে বাহির করিয়া সত্যিকারের জনগণের মুসলিম লীগ হিসেবে গড়িয়া তোলা আবশ্যক।” অর্থাৎ কিনা লাহোর প্রস্তাবের বাস্তবায়ন চাই।

নতুন সংগঠনের সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী, এর আগে যিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ছিলেন, এবং মনেপ্রাণে যিনি লাহোর প্রস্তাবের ‘দুই পাকিস্তান’ নীতিতে বিশ্বাস করতেন। যে-মুসলিম লীগ কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় সেটির আহ্বান করা হয়েছিল ভাসানীর নামেই; যার প্রতিক্রিয়াতে পূর্ব পাকিস্তান প্রাদেশিক মুসলিম লীগের তদানীন্তন সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ও অন্য কয়েকজন কর্মকর্তা মিলে এক বিবৃতিতে জানান যে, “মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাহেবের দ্বারা আগামী ২৩শে ও ২৪শে জুন তারিখে মুসলিম লীগ কর্মী সম্মেলন নামে যে সভা আহূত হইয়াছে, তাহার সহিত মুসলিম লীগের কোনো সম্পর্ক নাই।

বস্তুত ইহা দলগত স্বার্থ ও ক্ষমতা লাভের জন্য মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বারা মুসলমান সংহতি নষ্ট করিয়া পাকিস্তানের স্থায়িত্ব ও অগ্রগতির পথে বাধা সৃষ্টির উদ্দেশ্যে আহূত হইয়াছে।”

নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, প্রাদেশিক মুসলিম লীগের মতো ‘প্রাদেশিক’ ছিল না; ছিল লাহোর প্রস্তাবে যে ধারণা ব্যক্ত হয়েছিল কল্পনার সেই স্বাধীন পূর্ব পাকিস্তানের একটি সংগঠন। মওলানা ভাসানী অবশ্য সোহরাওয়ার্দীকে এর সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। সেটা এই লক্ষ্যে যে সারা পাকিস্তান জুড়ে সংগঠনের বিস্তার ঘটলে মুসলিম লীগের বিরোধী শক্তি হিসেবে এর শক্তি বৃদ্ধি পাবে। সোহরাওয়ার্দী তখন থাকতেন লাহোরে, ভাসানী শেখ মুজিবকে লাহোরে পাঠিয়েছিলেন সোহরাওয়ার্দী এবং সম্ভব হলে মিয়া ইফতেখারউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে। সেটা ১৯৪৯-এরই ঘটনা।

এর পরে ১৯৫২-তে মুজিব আবার পশ্চিম পাকিস্তানে যান; একই উদ্দেশ্যে; সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা করতে। সোহরাওয়ার্দী তখন তাকে জানান যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষে পশ্চিমে-গঠিত জিন্নাহ-আওয়ামী মুসলিম লীগের এফিলিয়েশন নেওয়া দরকার। ‘অসমাপ্ত আত্মজীবনী’তে শেখ মুজিব লিখেছেন, ‘তিনি বললেন, একটা কনফারেন্স ডাকব, তার আগে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এফিলিয়েশন নেওয়া দরকার।’ জবাবে শেখ মুজিব তখন তাকে যা বলেছিলেন, ‘আপনি জিন্নাহ আওয়ামী লীগ করেছেন, আমরা নাম পরিবর্তন করতে পারব না। কোনো ব্যক্তির নাম রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগ করতে চাই না। দ্বিতীয়ত আমাদের ম্যানিফেস্টো আছে, গঠনতন্ত্র আছে, তার পরিবর্তন করা সম্ভব নয়। মওলানা সাহেব আমাকে ১৯৪৯ সালে আপনার কাছে পাঠিয়েছিলেন। তখনো তিনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠনের জন্য অনুরোধ করেছিলেন। তারও কোনো আপত্তি থাকবে না যদি আপনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ম্যানিফেস্টো ও গঠনতন্ত্র মেনে নেন। অনেক আপত্তির পর তিনি মানতে রাজি হলেন এবং নিজ হাতে তার সম্মতির কথা লিখে দিলেন।’

মুজিব লিখেছেন, ‘আমি আর এটাও অনুরোধ করলাম তাকে লিখে দিতে যে, উর্দু ও বাংলা দু’টোকেই রাষ্ট্রভাষা হিসেবে তিনি সমর্থন করেন। কারণ অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে। মুসলিম লীগ ও তথাকথিত প্রগতিশীলরা প্রপাগান্ডা করছে তার বিরুদ্ধে। [...]’

লাহোর প্রস্তাবের রাজনৈতিক মর্মবস্তুতে অবশ্য আরেকটি জিনিস ছিল, সেটি হলো দ্বিজাতি তত্ত্ব। ভারতবর্ষের মুসলমানরা একটি অভিন্ন ও স্বতন্ত্র জাতি, এই ধারণার ওপর দাঁড়িয়েই লাহোর প্রস্তাব তৈরি করা হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল যে জাতীয় সত্তার প্রধান ভিত্তি হচ্ছে ধর্ম। সেটা যে সত্য নয়, প্রধান ভিত্তি যে ভাষা সেটা তো অত্যন্ত পরিষ্কারভাবে বের হয়ে এসেছিল বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের ভেতর দিয়েই। সোহরাওয়ার্দী কিন্তু লাহোর প্রস্তাবের ওই মর্মবস্তুটিকে কখনোই খারিজ করে দেননি; জীবনের শেষ দিন পর্যন্ত দ্বিজাতি তত্ত্বকে তিনি সত্য বলে জেনেছেন, যে জন্য পাকিস্তানকে ভাঙা নয়, তাকে রক্ষা করার কাজেই তিনি সচেষ্ট ছিলেন।

১৯৬২ সালে আইয়ুব খান যখন তাকে কারারুদ্ধ করে তখন তার বিরুদ্ধে প্রধান যে অভিযোগ আনা হয়েছিল সেটি হলো, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই, ‘বিশেষ করে গত তিন বছর ধরে, তিনি ভেতরের ও বাইরের পাকিস্তান-বিরোধীদের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।’ অভিযোগনামার জবাবে জেলখানা থেকেই সোহরাওয়ার্দী যে জোরালো চিঠিটি লিখেছিলেন তাতে তিনি বলেছেন যে, এই অভিযোগ পড়ে তিনি যারপরনাই মর্মাহত হয়েছেন। কারণ তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ‘মুসলমানদের জন্য পাকিস্তান হচ্ছে এক ও অবিভাজ্য’; এবং এই বিশ্বাসের দ্বারা তাড়িত হয়েই তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন এবং এখন বার্ধক্যে এসে পৌঁছেছেন। পূর্ব ও পশ্চিমকে এক সঙ্গে থাকতে হবে এই বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়েই তিনি কাজ করে গেছেন।

লেখক: ইমেরিটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়