কদিন আগেও ছিল গাল ভরা দাড়ি, মাথা ভর্তি চুল। কিন্তু হঠাৎ করেই পরিবর্তন। পরনের পোশাকেও এসেছে নতুনত্ব। পাজামা-পাঞ্জাবি নয়, স্যুট-টাই পরে রীতিমতো সাহেব হয়ে গেছেন ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। আর তা ঘটেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়ে।
নতুন লুকে নিজের একটি ছবি সোশালে পোস্ট করেছেন রাহুল। আর তারপর থেকেই আলোচনায় নতুন বেশ।
ভিজিটিং ফেলো হিসেবে কেমব্রিজে ‘লার্নিং টু লিসেন ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক একটি বক্তৃতা দেন রাহুল। বক্তৃতা চলাকালীন তিনটি বিষয়ে গুরুত্ব দেন তিনি। সেগুলো হলো- ভারত জোড়ো যাত্রা, দুটি ভিন্ন মতাদর্শ এবং একটি বিশ্বব্যাপী আলোচনার অপরিহার্যতা।
এক সপ্তাহের জন্য ইংল্যান্ড সফরে গিয়েছেন রাহুল। আগামী ৫ মার্চ লন্ডনে বসবাসরত ভারতীয় প্রবাসীদের সাথে মিলিত হবেন তিনি। এ সময় কংগ্রেসের বিদেশি শাখা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের (আইওসি) সদস্যদের সাথেও দেখা করবেন। সেখানকার বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সাথেও বৈঠকে করবেন।
এর আগে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ‘ভারত জোড়ো’ যাত্রার সময়ই গাল ভরা দাড়ি, মাথা ভর্তি চুলে দেখা গিয়েছিল রাহুলকে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল, ৩০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তা শেষ হয়। মূলত এই সময়কালেই তার বেশ-ভুষায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।