ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর মারা গেলেন স্বামী আল-আমিন হোসেন (৩০)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আল-আমিনের শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত সোমবার ভোর ৬টার দিকে মারা যান আল-আমিনের স্ত্রী সুখী আক্তার। ১২ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন রাজমিস্ত্রির সহযোগী রফিক মিয়া (৪৫)। বাকি দুজনকে ওইদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার দুপুর ১টার দিকে ফতুল্লার লামারবাগ মেট্রো গার্মেন্টস-সংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় এ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন গার্মেন্টসকর্মী আল-আমিন হোসেন, তার স্ত্রী সুখী আক্তার (২৫), পাশের বাসার ভাড়াটিয়া আলেয়া বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (৪০) এবং রাজমিস্ত্রির সহযোগী রফিক মিয়া।

দগ্ধ আলেয়া বেগম জানান, রান্নাঘরটিতে বেশ কয়েকদিন ধরে গ্যাস লিকেজের শব্দ পাওয়া যাচ্ছিল।

আল-আমিনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আলিয়াপুর গ্রামে। তার বাবার নাম মো. শহিদ। আল-আমিন ও সুখীর একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থাকে।