টাঙ্গাইলে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী এলাকায় সড়কের পাশ থেকে জাহিদ নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পাঁচটিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে। সে স্থানীয় বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের চাচা শামছুল তালুকদার জানায়, জাহিদের বাবা পেশায় একজন ভ্যানচালক। লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাঝে মধ্যে বাবার ভ্যান চালাতো
জাহিদ। বুধবার সন্ধ্যায় বাবার ব্যাটারিচালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে খবর আসে জাহিদের মরদেহ পাঁচটিকড়ী স্কুলের কাছে পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করি। মরদেহ উদ্ধার হলেও তার ভ্যান গাড়িটি পাওয়া যায়নি।

লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, বুধবার ৯টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে
একটি গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যান গাড়িটি
ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।