সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে মাইক্রোবাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ বেলা ১১টায় পরচক বটরতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (০৮)। আজ দুপুরে জকিগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ফলিক আহমদ তার ছেলেকে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহিন নিহত হয়। পরে স্থানীয়রা ফলিককে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
এসআই জহিরুল জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়।