পটিয়ায় খলিল মীর ডিগ্রী কলেজের সামনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আজিজুল হক (২৪) নামে চট্টগ্রাম কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, কিশোর গ্যাং লিডার মিনহাজুর উদ্দীন মুন্নার নেতৃত্বে রিফাত, ইস্পাতসহ অন্তত ১৫–২০ জন এ হামলায় অংশ নেয়।
জানা যায়, অভিযুক্ত মুন্না কলেজে কিশোর গ্যাং তৈরি করে এলাকায় মারামারি, ইভ টিজিং, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার অপকর্মের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে আজিজের ওপর হামলা চালানো হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আজিজুল হকের খালাতো ভাই আব্দুল কাদের জানান , আজিজুলের আত্মীয়ের এক মেয়েকে কলেজের সামনে ইভটিজিং করতো মুন্নাসহ তার গ্যাংয়ের সদস্যরা৷ একদিন আজিজ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্ষুব্ধ উঠে তারা। আজ সুযোগ বুঝে তাকে একা পেয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান , এ ঘটনার বিষয়ে জানি না। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।