ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দাদিকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুশিয়া বেগম (৮৫) ওই গ্রামের মনিরুদ্দিন মন্ডলের স্ত্রী।
প্রতিবেশী লিয়াকত আলী জানান, রাতে ওই গ্রামের ফজলু মন্ডলের বাড়িতে বসে ছিল তার মা রুশিয়া বেগম, স্ত্রী আম্বিয়া খাতুন ও প্রতিবেশী রাহেলা খাতুন। রাত আড়াইটার দিকে ফজলু মন্ডলের ছেলে আব্দুল মান্নান তাদের ওপর হামলা করে। সে সময় আম্বিয়া খাতুন দৌড়ে পাশের বাড়িতে চলে গেলেও বৃদ্ধা রুশিয়াকে শ্বাসরোধ ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক প্রতিবন্ধী বলে দাবি পরিবারের।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী কি না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।