শবেবরাতের ঝাল মিষ্টি

বিশেষ দিনটিতে অনেকের বাড়িতেই হালুয়া রুটি পায়েস ও মিষ্টির আয়োজন হয়। নানা ধরনের খাবারের রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা

কাঠবাদামের বরফি

উপকরণ

কাঠবাদাম দেড় কাপ, তরল দুধ দেড় কাপ, চিনি  এক কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ কাঠবাদাম কুচি সিকি কাপ

যেভাবে তৈরি করবেন

১. কাঠবাদাম ফুটানো গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন ও খোসা ছাড়িয়ে নিন।

২. এবার কাঠবাদামগুলোয় তরল দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

৩. চুলায় পাত্র দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাঠবাদাম দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

৪.  একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন ও নাড়তে থাকুন। এবার একটু শুকনা হয়ে এলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে এর মধ্যে কাঠবাদাম কুচি ও  এক টেবিল  চামচ  ঘি দিয়ে ভালো করে নেড়ে ঘি মাখানো পাত্রে ঢেলে নিন।

৫. ঠান্ডা হলে ইচ্ছামতো কেটে নিন ।

নারিকেলের বরফি

উপকরণ

নারিকেল বাটা ২ কাপ, চিনি ১ কাপ, গুঁড়ো দুধ সিকি কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টা, দারুচিনি ১ পিস

যেভাবে তৈরি করবেন

১. চুলায় ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে একটু নেড়ে মিহি করে বেটে রাখা নারিকেল দিয়ে ভালো করে নাড়তে

থাকুন ও এর মধ্যে চিনি দিয়ে দিন।

২. চিনি গলে এলে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন।

৩. পানি একদম শুকিয়ে এলে নামিয়ে নিন। গরম থাকা অবস্থায় সমান্তরাল প্লেটে ঢেলে বরফির আকারে কেটে নিন।

নকশি রুটি

উপকরণ

ময়দা ২৫০ গ্রাম, চিনি ২৫ গ্রাম, লবণ ৬ গ্রাম গুঁড়ো দুধ ২৫ গ্রাম ইস্ট ১৪ গ্রাম, ডিম ১টা, কুসুম গরম পানি ১ কাপ, বাটার ২ টেবিল চামচ মোরব্বা ও বাদাম কুচি মেলানো আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. কুসুম গরম পানিতে ইস্ট ও সামান্য চিনি দিয়ে চুলার আশপাশে রাখুন ১০ মিনিট।

২. শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। এবার এর মধ্যে ডিম দিয়ে ভালো করে মেখে নিন।

৩. এই মিশ্রণের সঙ্গে ইস্ট দিয়ে ভালো করে মাখুন। এবার এর মধ্যে বাটার দিয়ে আলতো হাতে ডো বানিয়ে ঢেকে গরম জায়গায় ৩০ মিনিট রাখুন ।

৪. এবার এই ডো দিয়ে পছন্দের ডিজাইনের রুটি বানিয়ে ওপরে মোরব্বা ও বাদাম  দিন। এরপর ডিম ব্রাশ করে ১৫ মিনিট রেখে দিন।

৫. এবার প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনের মিনিট বেক করে পরিবেশন করুন।

বুটের ডালের হালুয়া

উপকরণ

ছোলার ডাল আধা কেজি, তরল দুধ ১ লিটার, চিনি দেড় কাপ, গুঁড়ো দুধ পৌনে ১ কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টা, দারুচিনি ২ পিস।

যেভাবে তৈরি করবেন

১. বুটের ডাল তরল দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিন।

২. চুলায় ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিয়ে একটু নেড়ে এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

৩. একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন। একটু শুকিয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন।

৪. ঘন হয়ে শুকিয়ে এলে ছাঁচে ঢেলে পছন্দমতো ডিজাইন করে পরিবেশন করুন।

খেজুরের রোল

উপকরণ

বিচি ছাড়া খেজুর দেড় কাপ, ঘি ১ টেবিল চামচা, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, কাজু বাদাম কুচি সিকি কাপ, কাঠবাদাম কুচি আধা কাপ, তিল ১ টেবিল চামচ, পোস্তদানা ১ টেবিল চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ

যেভাবে তৈরি করবেন

১. খেজুর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. চুলায় ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে তিল দিয়ে ভালো করে ভাজুন।

৩. পাত্রে ঘি দিয়ে সব বাদাম কুচি হালকা ভেজে নিন।

৪. এবার ঐ পাত্রে ব্লেন্ড করে রাখা খেজুর দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এর মধ্যে ভেজে রাখা বাদাম ও তিল ঐ মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন।

৫. মিশ্রণটা শক্ত হয়ে ফ্রাইপ্যানের গা থেকে উঠে এলে নামিয়ে ঠা-া করতে দিন।

৬. সামান্য ঠান্ডা হলে রোলের মতো করে তিল ও পোস্তদানাতে গড়িয়ে ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। শক্ত হলে ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করুন।

ছিট রুটি ও কাটা মসলায় গরুর মাংস

উপকরণ

ধাপ : ১

আতপ চালের গুঁড়ো ২ কাপ, পানি ১ কাপ, লবণ ১ চা চামচ, পেঁয়াজের রস ১ টেবিল চামচ, আদার রস আধা টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পাত্রে চালের গুঁড়ো নিয়ে এর মধ্যে লবণ, পেঁয়াজের রস, আদার রস ও পরিমাণমতো পানি নিয়ে পাতলা মসৃণ ব্যাটার বানিয়ে রাখুন। এই মিশ্রণ ৩০ মিনিট ঢেকে রাখুন।

২. ননস্টিক ফ্রাইপ্যান ভালো করে গরম করে একটা কাপড়ে সামান্য তেল মেখে প্যানটি মুখে নিন।

৩. ব্যাটারে হাত ভিজিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোল করে রুটির মতো বানিয়ে নিন। কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে দিন ও চার ভাঁজ করে গরম গরম পরিবেশন করুন।

ধাপ : ২

গরুর মাংস আধা কেজি, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, জিরার গুঁড়ো ১ চা চামচ, ধনেগুঁড়ো ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, লবণ সিকি চা চামচ, দারুচিনি ৩ পিস, এলাচ ৪টি, তেজপাতা ৩টা, কাবাব মসলা ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪টা, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ১ কাপ

যেভাবে তৈরি করবেন

১. মাংস টক দই দিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. হাঁড়িতে তেল গরমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে এর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়–ন। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ফালি বাদে সব গুঁড়ো ও বাটা মসলা দিয়ে ভালো করে কষান।

৩. এর মধ্যে মাংস দিয়ে ভালো করে নেড়ে ১০ মিনিট ঢেকে রাখুন। মাংস থেকে পানি বের হলে দুবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করুন।

৪. মাংস সেদ্ধ হয়ে ও পানি শুকিয়ে এলে এর মধ্যে ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ ফালি  দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।

পেঁপের সন্দেশ

উপকরণ

কাঁচা পেঁপে ১ কেজি, চিনি ১ কাপ, ঘি সিকি কাপ, দারুচিনি ২ টুকরো, ছোট এলাচ ৪টা, কিশমিশ দুই টেবিল চামচ, বাদাম কুচি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পেঁপে কেটে পরিমাণমতো পানি দিয়ে হালকা সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। এবার একটা সুতির কাপড় নিয়ে চেপে পেঁপে থেকে পানি ঝরিয়ে বাটুন।

২. চুলায় পাত্র দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এলাচ ও দারুচিনি ফোড়ন  দিয়ে এর মধ্যে সেদ্ধ করা পেঁপে দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

৩. কিছুক্ষণ নেড়ে একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন। কাঠবাদাম কুচি দিয়ে দিন।  শুকনা হয়ে পাত্র থেকে উঠে এলে এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে ওপরে বাদাম কুচি ও তবক দিয়ে পরিবেশন করুন।

মুগ মোহিনী

উপকরণ

কাঁচা মুগডাল আধা কেজি, তরল দুধ এক লিটার, চিনি দেড় কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, ঘি আধা কাপ, এলাচ ৩টা, দারুচিনি ২ পিস, কোরানো নারিকেল এক কাপের চার ভাগের তিন ভাগ, কনডেন্স মিল্ক আধা কাপ, সুজি সিকি কাপ, সবুজ খাবার রং ১ চিমটি, ঘি ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মুগডাল ভালো করে ধুয়ে তরল দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিন।

২. চুলায় ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে ঘি দিয়ে গরম হলে এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। এরপর একটু নেড়ে এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

৩.  একটু পর এর মধ্যে চিনি দিয়ে দিন। এবার শুকিয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন।

৪.  একটা পাত্রে নারিকেল, কনডেন্স মিল্ক, সুজি, সবুজ খাবার রং, ঘি দিয়ে ভালো করে নেড়ে জ্বাল দিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ফিলার করতে হবে।

৫. এবার ডালের মিশ্রণ দিয়ে মধ্যে নারিকেলের মিশ্রণ দিয়ে রোলের মতো বানিয়ে নিন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।

লাউয়ের পায়েস

উপকরণ

কচি লাউ মিহি কুচি এক কাপ তরল দুধ ১ লিটার, ঘি ২ চা চামচ এলাচ ২টা, দারুচিনি ১টা, চালের গুঁড়া দেড় চা চামচ, গুড় এক কাপের তিন ভাগের এক ভাগ, কিশমিশ ও বাদাম কুচি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.ফুটন্ত পানিতে গ্রেট করা লাউ দিয়ে একটা বলক এলে নামিয়ে কাপড়ের সাহায্যে পানি ছেঁকে নিন।

২. চুলায় ফ্রাইপ্যানে ঘি দিন। ঘি গরম হলে এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে একটু নেড়ে সিদ্ধ করা লাউ দিয়ে হালকা ভাজুন।

৩. একটা বাটিতে সামান্য দুধ নিয়ে এর মধ্যে চালের গুঁড়া নিয়ে মিশ্রণ বানিয়ে নিন।

৪. অন্য পাত্রে তরল দুধ নিয়ে ফুটিয়ে আধা লিটার করে নিন। এরপর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে ভেজে রাখা লাউ দিয়ে ভালো করে নেড়ে নিন।

৫. এই মিশ্রণের মধ্যে চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে ভালো করে নাড়ুন ও ঘন হয়ে এলে নামিয়ে নিন।

৬. নামানোর পর  কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।