জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিশি নামের ২৮ দিনের এক কন্যাসন্তানকে ফেলে বাবা-মা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার তিন দিন পার হলেও খোঁজ মেলেনি বাবা-মা বা কোনো অভিভাবকের। এ নিয়ে গতকাল রাত থেকে জেলাজুড়ে চলছে আলোচনা।
গত বুধবার বিকেল ৪টার দিকে হাসপাতালে শিশু নিশিকে ফেলে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির তথ্য মতে, নিশি জেলার মাদারগঞ্জ উপজেলার পাটাদহ ইউনিয়নের কয়রার রকিব ও রোকসানা দম্পতির সন্তান।
হাসপাতাল ও দর্শনার্থী সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৬ দিন বয়সী নিশিকে কম ওজন ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করান রকিব-রোকসানা দম্পতি। ১ মার্চ নিশিকে হাসপাতালের চারতলায় শিশু ওয়ার্ডের করিডরে অপেক্ষমাণ রোগীর এক স্বজনের কাছে দেন নিশির নানি। নিশির মাকে নিচ থেকে আনবেন বলে হাসপাতালের নিচতলায় চলে যান নিশির নানি। আর ফিরে আসেনি কেউ। তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেন রোগীর ওই স্বজন। নিশির কোনো অভিভাবক খুঁজে না পেয়ে বিষয়টি নার্সদের জানান ওই স্বজন। হাসপাতালে ভর্তির ফরমে দেওয়া মোবাইল নম্বরে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে শেখ রাসেল বিশেষায়িত শিশু সেবাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ও নার্স নিশির কম ওজন এবং শ্বাসকষ্ট দেখে তাকে সেখানে ভর্তি করেন। নিশি হাসপাতালের তত্ত্বাবধানে শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুরের সেলিনা বলেন, ‘চার দিন হয় আমার নাতি হাসপাতালে ভর্তি। এ সময় জানতে পারলাম, একটা বাচ্চাকে তার মা ফেলে চলে গেছে। এ কেমন মা! নিজের সন্তানকে ফেলে যায়। বাবা-মাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।’
দেওয়ানগঞ্জ উপজেলার মো. শরিফ মিয়া, হাসপাতালের শিশু ওয়ার্ডে তার বাচ্চাকে ভর্তি করেছেন। তিনি বলেন, ‘মানুষ সন্তানের জন্য সবকিছু বিসর্জন দেয়। নিজের জীবন বাজি রেখে বাবা -মা তার সন্তানকে লালন-পালন করে। এ কেমন বাবা-মা! নিজের সন্তানকে ফেলে পালিয়ে যায়?’ বাবা-মাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রের আয়া কোহিনূর বেগম বলেন, ‘বিকেল ৪টার দিকে এক মহিলার কাছে বাচ্চাটাকে রেখে ওর নানি নিচে মাকে আনতে যান। পরে তিনি আর ফিরে আসেননি। পরে বাচ্চাটাকে ভেতরে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।’
জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বুধবার বিকেলে হাসপাতালের করিডরে অপেক্ষমাণ রোগীর স্বজনের কাছে বাচ্চাটাকে রেখে ওর অভিভাবক পালিয়ে যায়। ভর্তির সময় যে মোবাইল নম্বর বা ঠিকানা আমরা পেয়েছিলাম, ওই ঠিকানা অনুযায়ী খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কেউ মোবাইল ধরে না।’
জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরা মিলি বলেন, ‘কম ওজন এবংশ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। নবজাতকটি সুস্থ রয়েছে। তবে অভিভাবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের সহকারী পরিচালককে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনিকভাবে বাচ্চাটার ব্যবস্থা নেওয়া হবে।