বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না-ভূমিমন্ত্রী

দেশ-বিদেশে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন,বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক আর যতই ভয় দেখানো হোক,কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার কালা বিবির দীঘি মোড়ের চীনা অর্থনৈতিক অঞ্চল রোড প্রাঙ্গণে এ সম্মেলন হয়।

কারও দয়ায় শেখ হাসিনা ক্ষমতায় আসেননি উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, ১৪ বছর একটানা ক্ষমতায় আছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ওয়াদা করেছিলেন,দেশে ফিরে মানুষের দোরগোড়ায় গণতন্ত্র ফিরে দেবেন। সেই সংকল্প নিয়ে লড়াই করেছেন তিনি। শুধু ভোট মানে গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে উন্নয়ন,সুশাসন। সে লক্ষে দেশ এগিয়ে যাচ্ছে। বারবার ষড়যন্ত্র হয়েছে,শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছেন।

তিনি আরও বলেন,এক সময় দক্ষিণ চট্টগ্রাম অবহেলিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দক্ষিণ চট্টগ্রামের চেহারা পরিবর্তন হয়েছে। স্বপ্নের বঙ্গবন্ধু টানেল আজ বাস্তবে রূপ পাচ্ছে। বঙ্গবন্ধু টানেল ঘিরে উন্নয়নের দখিন দুয়ার খুলছে। পর্যায়ক্রমে এই আনোয়ারা-কর্ণফুলী উপশহরে পরিণত হবে। এক লাইনের পিএবি সড়ক এখন ছয় লাইনে হচ্ছে। এলাকার মানুষ এখন আর খালি পায়ে হাটতে দেখা যায় না। কিন্তু যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে এসব তাদের ভালো লাগে না। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের আবারও প্রতিহত করবে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু,কেন্দ্রীয় সদস্য আফজল হোসেন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখাঁন বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমদ চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহেদুর রহমান,নুরুল আবছার তালুকদার, সোহেল মোহাম্মদ মঞ্জু,এড.আবুল ফয়েজ চৌধুরী,এস এম কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাসেম প্রমুখ। সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলী আকবর ও সাধারণ সম্পাদক পদে রিদোয়ানুল হক রহিমের নাম ঘোষণা করা হয়।