পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম সোহান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে সদর উপজেলার নারিকেলী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল রংপুর জেলার কোতয়ালি উপজেলার গুপ্তপাড়া এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারিকেলী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম সোহান নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। সে দেশের বিভিন্ন জেলায় পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন, জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ইসলামপুর উপজেলার কড়াইতলা এলাকার নাদের মন্ডলের ছেলে মো. গফুর মিয়ার (২০) কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। এ অভিযোগ পেয়ে ওই প্রতারকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।