আনোয়ারায় ভূমিমন্ত্রী

ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না

দেশ-বিদেশে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক আর যতই ভয় দেখানো হোক, কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার কালা বিবির দীঘি মোড়ের চীনা অর্থনৈতিক অঞ্চল রোড প্রাঙ্গণে এ সম্মেলন হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।

সম্মেলন শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলী আকবর ও সাধারণ সম্পাদক পদে রিদোয়ানুল হক রহিমের নাম ঘোষণা করা হয়।