বিএনপির আন্দোলনের গতি কমেছে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। তারা বলেছিল ১০ তারিখ দেশ দখল করবে, পরের দিন খালেদা জিয়া দেশ চালাবে, তারেক রহমানের ডাকে তাদের নেতাকর্মীরা হান্ডি, পাতিল, লোটা-কম্বল নিয়ে সাত দিন ধরে এক এক সমাবেশের নামে পিকনিক করেছে। তারা লাল কার্ড থেকে নীরব পদযাত্রার আয়োজন করেছে। আর আজকে শুনলাম নিরীহ মানববন্ধন করবে।

তিনি বলেন, বিএনপি লুটপাটের কথা তুলে আমাদেরকে বর্গি বলে। আপনারা কি হাওয়া ভবনের কথা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আমেরিকা ও সিঙ্গাপুরে বিএনপির পাচার করা হাজার হাজার কোটি টাকার কথা? মনে রাখবেন, বর্গির চেয়েও ভয়ংকর বিএনপি নামক লুটেরা দল। বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপির শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারীদের মধ্যে বিভিন্ন সংঘর্ষের ঘটনার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের তরুণ তুর্কিদের নিয়ে দুশ্চিন্তায় আছি। পত্র-পত্রিকায় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর দেখে আমরা লজ্জা পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, যারা অপরাধী তাদের শাস্তি দিচ্ছেন। আবরার হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি হয়েছে। শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক শক্তি আমাদের হারাতে পারবে না। তাই নিজেরা নিজেদের শত্রু হবেন না।

প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের কথা স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মোছলেম উদ্দিন দলের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মৃত্যুর তিন দিন আগে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আমি দেখতে গিয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, আমি চট্টগ্রামে যাব। আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান করব। আমাকে সময় দিতে হবে। এককথায় তিনি আওয়ামী লীগের প্রতি একান্ত অনুগত ছিলেন।’

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। তবে বিএনপি নির্বাচনে না এলেও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির অনেক আব্দুস সাত্তার তৈরি হয়ে আছে নির্বাচনে আসার জন্য। এ বিষয়টিও মাথায় রাখার জন্য বিএনপি নেতাদের অনুরোধ জানাই।

চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে এই শোকসভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।