চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার শোকসভা শেষে বের হওয়ার সময় নেতাকর্মীর ঠেলাঠেলিতে কাচের দরজা ভেঙে মাথা ফেটে জখম হয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির শোকসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি ছিলেন। শোকসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বের হয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের ঠেলাঠেলির কারণে একটি কাচের দরজা ভেঙে পড়ে। এ সময় সেখানে থাকা আ জ ম নাছির উদ্দীনের মাথা ফেটে যায়। আরও বেশ কয়েকজন এ ঘটনায় আহত হন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কাছাকাছি ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার পর নেতাকর্মীরা দ্রুত আ জ ম নাছিরকে ও আর নিজাম রোডের মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়। তিনি বলেন, ডাক্তাররা তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।