চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের কলাবাগান এলাকায় সাজু হোসেন(৩৮) নামের এক মোটর সাইকেল চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও গলায় চাকু ধরে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীর ।

রোববার (০৫ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে । ভুক্তভোগী সাজু হোসেন আদমদীঘি সদরের মুক্তা চাল কলের ব্যবস্থাপক । ঘটনাটি তাৎক্ষণিক সান্তাহার পুলিশ ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন মিল মালিক আব্দুল মোত্তাকিন ।

সাজু জানান, রোববার সান্তাহার শহরের ইসলামি ব্যাংক শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেলযোগে আদমদীঘি যাচ্ছিলেন । মোটরসাইকেলটি আশা পেট্রোল পাম্পের পূর্ব পাশে পৌঁছালে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে তার পথ রোধ করে এবং দ্রুত চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় । পরে তার বুকে চাকু ধরে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা ।

চালকল মালিক আব্দুল মোত্তাকিন জানান, বিষয়টি আদমদীঘি থানা ও সান্তাহার টাউন পুলিশকে অবহিত করা হয়েছে ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই (উপপরিদর্শক) রাকিব হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের আটক করার জন্য তৎপরতা চলছে ।