মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলা সংযুক্তকারী সড়ক ও জনপথ বিভাগের ব্রিজের নিচের জায়গা দখল করে ব্যবসা ও দোকান ভাড়া দিচ্ছেন আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে মনোজ কুমার মোদক।
সরেজমিনে দেখা গেছে সোনাই ব্রিজের নিচে এবং এর আশপাশে অনেক জায়গা দখল করে মনোজ কুমার মোদক তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান 'মোদক স মিলে'র টিম্বার সামগ্রী রাখার কাজে ব্যবহার করছেন। পাশাপাশি নিজে সেলুন ও চায়ের দোকান তৈরী করে ভাড়া দিয়ে মাসে মাসে মোটা অঙ্কের টাকা আদায় করছে।
মনোজ মোদকের দাবি,সড়ক ও জনপথ বিভাগের এই জায়গাটিতে এক সময় গভীর গর্ত ছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তার বাবা আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনোদবিহারী মোদক মাটি দিয়ে ভরাট করে জায়গাটিকে ব্যবহার উপযোগী করেন।
কমপক্ষে ৪০ বছর ধরে এই জায়গাটিকে নিজ প্রয়োজনে ব্যবহারের কথা স্বীকার করে মনোজ কুমার মোদক জানান, 'সড়ক ও জনপথ বিভাগ যদি জায়গা ছেড়ে দিতে বলে তবে ছেড়ে দেবো।'
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ আফজালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, 'এ বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম বিষয়টি শুনলাম। মাধবপুরে কর্মরত সওজের স্টাফদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।'