ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানকে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার। ইতিমধ্যে নিজের নিরাপত্তা চেয়ে আজ সোমবার এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় ইউএনও বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
জানা যায়, গত ৫ মার্চ বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে আপিল শুনানির একপর্যায়ে ইউএনও মতিউর রহমানকে ভয়ভীতি প্রদর্শন করেন স্থানীয় আবুল হোসেন খন্দকার।
ইউএনও তার জিডিতে উল্লেখ করেন, নবাবগঞ্জ উপজেলার হযরতপুর মৌজাস্থিত সরকারি অর্পিত সম্পত্তি 'ব্রজনিকেতন' অবৈধ দখলমুক্ত করার পর সেখানে থাকা পালিত মালিকবিহীন হরিণসমূহ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের নিকট হস্তান্তর করি। তার আগে জানতে পারি হযরতপুর গ্রামের আবুল হোসেন খন্দকার পিতা মৃত আব্দুল আলীম খন্দকার ঢাকা জেলা কর্তৃক হরিণ পালনের লাইন্সে বিগত ২২/০১/২০২৩ তারিখে স্থগিত করা হয়। আবুল হোসেন উক্ত লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনা চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের আপিল শুনানিতে আবেদন করেন। গত ৫ মার্চ বিকেল ৩টায় সচিব মহোদয়ের অফিসকক্ষে আপিল শুনানিতে আমি মতিউর রহমান সরকারের পক্ষে উপস্থিত ছিলাম। শুনানির একপর্যায়ে আবুল হোসেন ব্যক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আমি কিভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকরি করি সেটা তিনি দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলেন।
মতিউর রহমান অভিযোগে আরও উল্লেখ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সম্মুখে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানিসংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আবুল হোসেন খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি (ইউএনও) মতিউর রহমানকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি। আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।