বিশ্বাসঘাতকতা দেখছেন ওয়াগনার প্রধান

পূর্ব ইউক্রেনের বাখমুতে চলমান লড়াইয়ে গোলাবারুদ সংকটে চরম বিপদে পড়তে পারে অগ্রসরমাণ রুশ বাহিনী। এই সতর্কবাণী উচ্চারণ করলেন খোদ ওয়াগনার প্রধান। গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ ভাড়াটে সেনাদলের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সতর্ক করে বলেন, সেনারা দ্রুত গোলাবারুদ না পেলে বাখমুতের চারপাশে অবরুদ্ধ হয়ে পড়বে। এমনকি বাখমুতের কাছে রাশিয়ার ফ্রন্ট লাইন ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ার ১৫৫তম ব্রিগেডের নেতারা বাখমুতের দক্ষিণে ভুহলেদার শহরের কাছে লড়াই করছে। অন্যদিকে বাখমুত প্রায় হাতের নাগালে আসার পরও সামরিক রসদের সংকটে ওয়াগনার প্রধান বলেন, ‘এটা হয় আমলাতান্ত্রিক জটিলতা কিংবা বিশ্বাসঘাতকতা।’ এক ভিডিওতে ওয়াগনার প্রধান রাশিয়ার প্রতিরক্ষা প্রধান এবং শীর্ষ জেনারেলদের সমালোচনা করেন। গত মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং অন্যদের বিরুদ্ধে তার লোকদের অস্ত্র সরবরাহ বন্ধ করার দায়ে ‘রাষ্ট্রদ্রোহীর’ অভিযোগ আনেন। কয়েক দিন ধরে বাখমুতে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর চেয়ে বেশি তৎপরতা দেখিয়ে এসেছে ওয়াগনার সেনারা। এরই মধ্যে শহরটি ঘিরে ফেলেছে তারা এবং সেখান থেকে ৯০ শতাংশ ইউক্রেনীয় পালিয়েছে।