পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ নিহত ও আরও ১৩ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রদেশটির কাচ্চি জেলার বোলান এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কাচ্চি পুলিশের এসএসপি মাহমুদ নোতেজাই জানান, কাচ্চি ও সিবি জেলার মধ্যবর্তী বোলানের কামব্রি সেতুর ওপরে পুলিশ ভ্যানের কাছে বোমা বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। হতাহতরা সবাই বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। প্রাদেশিক পুলিশের এই বিভাগটি কারাগারসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও স্পর্শকাতর এলাকাগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকে। জানুয়ারিতে পেশোয়ারে পুলিশ সদর দপ্তরের ভেতরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। ওই হামলায় নিহত হয় ৮০ জন।