তারকাখচিত নতুনধারা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ সম্পন্ন হলো। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। এ আয়োজনের আয়োজক শাহরিয়ার স্বপন বলেন, ‘গত বছর প্রথমবার এই আয়োজন করেছিলাম পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। এবার আরও বড় পরিসরে করতে পেরেছি। আমরা সার্থক। আগামীতে দেশের বাইরে এই আয়োজন করার ইচ্ছে আছে।’ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আশরাফ আলী খান খসরু। মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এবার বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের স্বনামধন্য তারকারা।
সেরা নাট্যকারের পুরস্কার জিতে নিলেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। তিনি এই অনবদ্য পুরস্কার লাভ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ওপর নির্মিত কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাব’র জন্য। অনুভূতি জানতে চাইলে সহিদ রাহমান বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি আনন্দের ও গর্বের। বাইফা পুরস্কার পেয়ে আমার অনুভূতিও একই। এত চমৎকার একটি প্ল্যাটফর্ম থেকে আমাকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। ১৯৭৫-এ জাতির পিতা ও তার পরিবারের মর্মান্তিক হত্যাকান্ডের ওপর আমি ধারাবাহিকভাবে কাজ করছি। সেই কাজেরই একটি ‘আমি মায়ের কাছে যাব’। শহীদ শেখ রাসেলের মায়ের কাছে ফেরার শেষ আকুতির এই হৃদয়বিদারক গল্পের জন্য পুরস্কার পেয়ে আমি আরও বেশি গর্ব অনুভব করছি।’
বাঁধন পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পুরস্কার গ্রহণ করতে বাঁধন এসেছিলেন জলপাই রঙের মসলিনের নান্দনিক ডিজাইনের শাড়ি পরে। তাকে দেখেই সবাই খুশি হয়ে যায়। বাঁধনের পোশাকটি ডিজাইন করেছেন তরুণ ডিজাইনার সনি রহমান। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বাঁধন বলেন, ‘আমি এ আয়োজনের অংশ হতে পেরে মুগ্ধ। দেশের বিখ্যাত অনেক শিল্পীর মিলনমেলা দেখতে পেলাম। আর বিদেশের মাটিতে আমার সিনেমা বা আমি যে সম্মান অর্জন করেছি সেটি তো দেশের সিনেমারও অর্জন। সেই অর্জনকে দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে, বিষয়টি আমার কাছে খুবই ভালোলাগার অনুভূতি দিয়েছে।’
সেরা অনুপ্রেরণাদায়ক তারকা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নন্দিত অভিনেত্রী রুনা খান। তিনি পরেছিলেন ফালাকস কালেকশনের জমকালো শাড়ি। রুনা বলেন, ‘অনুপ্রেরণা কথাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই তার কাজ দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন না। আয়োজকরা ভেবেছেন আমি অনুপ্রেরণামূলক কিছু করেছি, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। সেটা হতে পারে আমার কাজ বা ব্যক্তিজীবন। যে কোনো কিছুতেই যদি কেউ অনুপ্রাণিত হন, আমি তার জন্য গর্বিত।’
এছাড়া চলচ্চিত্রে সেরা অভিনেতা হয়েছেন শরিফুল রাজ ও রোশান, সেরা নায়িকা পরীমণি ও বিদ্যা সিনহা মিম, নবাগত নায়িকার পুরস্কার পেয়েছেন নাযিফা তুষি, শেখ রাসেলকে নিয়ে নির্মিত কাহিনিচিত্র ‘আমি মায়ের কাছে যাব’র জন্য সেরা নাট্যকার হয়েছেন সহিদ রাহমান, নিউ এজ টিভি অভিনেতা ইরফান সাজ্জাদ, টিভি নাটকের সেরা তারকা মেহজাবীন চৌধুরী ও অপূর্ব, ওটিটিতে সেরা অভিনেতা ইয়াস রোহান, সেরা সংগীতশিল্পী মমতাজ, কোনাল ও স্বপ্নীল সজীব, সেরা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, দেশি পোশাকের সেরা ফ্যাশন ডিজাইনার মেজবাউল আলম সাজু, সেরা নারী উদ্যোক্তা ফালাকস কালেকশনের মৌ পারভেজ, প্রতিশ্রুতিশীল টিভি অভিনেত্রী কেয়া পায়েল ও সামিরা খান মাহি, সেরা মডেল তানজিয়া জামান মিথিলা ও নিবিড় আদনান, সেরা নৃত্যশিল্পী তারিন জাহান, সেরা দম্পতি নাঈম-নাদিয়া এবং গানের জন্য দুই ভাই-বোন রাজা বশির ও হুমায়েরা বশির। এ ছাড়া অনেক তারকা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। লুনার কোরিওগ্রাফিতে ছিল ভাসাবির ঈদ কালেকশন নিয়ে বর্ণাঢ্য ফ্যাশন শো। পুরস্কারের ফাঁকে ফাঁকে নাচে-গানে মঞ্চ মাতান মেহজাবীন চৌধুরী, বারিশ ও দীঘি। এ আয়োজনের প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর।