নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারীতে নিখোঁজের একদিন পর শাহরিয়ার সিহাব (১২) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বাড়ির অদূরে একটি সেচনালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিহাব ওই গ্রামের এরশাদুল হকের ছেলে এবং শহরের নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয় সিহাব।

এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের বাবা এরশাদুল হক। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এলাকার দুই যুবককে আটক করে।

স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করেও সিহাবের সন্ধান না পেয়ে রবিবার সন্ধ্যায় সদর থানায় জিডি করেন তার বাবা। রবিবার রাত ৯টার দিকে জমিতে সেচ দিতে গিয়ে বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে সেচনালায় সিহাবের লাশ দেখতে পায় এলাকার কৃষক হাচিনূর রহমান। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম বলেন, নিহতের বাবা মামলা করার পর ময়নুল ইসলাম (৩০) ও নাজমুল ইসলাম (৩৮) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। হত্যা রহস্য উদঘাটনে সদর থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ করছে।