রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল মোংলায় এল ভারত হয়ে

বাগেরহাটের মোংলা বন্দরে রুশ জাহাজ নিষেধাজ্ঞার কারণে আবারও ভারত হয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসেছে বন্দরের ৭ নম্বর জেটিতে।

গত শনিবার ভারতের হলদিয়া বন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলার জাহাজ এমভি অপরাজিতা। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রাশিয়া-ভারত-বাংলাদেশ ট্রানজিটের তৃতীয় চালান।

জাহাজটির বাংলাদেশি শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৫২৫ প্যাকেজের ১ হাজার ২৪৯ দশমিক ১৬ মেট্টিক টন মেশিনারি পণ্য ভারত ট্রানজিট হয়ে মঙ্গলবার মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

তিনি জানান, আজ দুপুর থেকেই জাহাজ হতে মালামাল খালাস শুরু হবে। এরপর সড়কপথে এ সকল মালামাল যাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। তিনি আরও বলেন, রাশিয়া-ভারত-বাংলাদেশ ট্রানজিটের এটি তৃতীয় চালান।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি এমভি সেজুতি ও ২৩ ফেব্রুয়ারি এমভি অপরাজিতা রুশ পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে। আজ ট্রানজিটের তৃতীয় চালান এসেছে।

জানা যায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য বাগেরহাটের মোংলা বন্দরে আনা হয়।