সামনেই রয়েছে এশিয়া কাপ। তারপরই ক্রিকেটের রঙিন পোশাকের বিশ্বকাপ। টুর্নামেন্ট দুটিকে সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে দলের নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে তৌহিদ হৃদয়কে। সঙ্গে যোগ হতে পারে আরও কিছু মুখ। এশিয়া কাপে যে দল নিয়ে খেলা হবে, তাদের নিয়ে গড়া হবে বিশ্বকাপের দল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ মাসেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে দুই দল খেলবে তিনটি ওয়ানডে। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে আরও তিনটি ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ দল।
দল নিয়ে পরীক্ষার জন্য এই দুটি সিরিজ পাচ্ছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য যে দল হবে, সেটাই হবে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল।
চট্টগ্রামে সিরিজ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আমাদের দুটো সিরিজ আছে। সেখানে আমরা দু-একজনকে বিশ্রাম দিতে পারি। এর মানে এই নয় যে সে বাদ পড়ে গেছে। অপশন কে আছে, এটা দেখার জন্যই তা করা হবে। এশিয়া কাপে যে দলটা ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপ দল।’