শুরু হচ্ছে ৩৬তম অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ৩৬ তম আসর শুরু হয়েছে আজ থেকে। মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে ও কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে আগামীকাল থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে ‘ওরিয়ন ৩৬তম ২০২৩’ এর আসর।

আজ বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, যুগ্ম সম্পাদক কর্নেল (অব.) মো. শহিদুল হক, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান ওবাইদুল করিম ও অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদুদ্দিন খান (রুমি) ।

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৯৮২ সালে এর যাত্রা শুরু হয়। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভূটান, নেপাল, মালয়েশিয়া ও শ্রীলংকার শ্রেষ্ঠ এ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করছেন।

৩১ জন বিদেশী গলফারসহ সর্বমোট ১২৮ জন রেগুলার গলফার (পুরুষ ১১৫ ও মহিলা ১৩) এবং ৪২ জন সিনিয়র গলফার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আগামী ১১ মার্চ ২০২৩ তারিখে আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।