রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেয়ালের টুকরোর আঘাতে সড়কে থাকা বাসের যাত্রীরাও আহত হন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বর্তমানে সেখানে তাদের ১১টি ইউনিট উদ্ধারকার্যক্রম চালাচ্ছে।
এ ঘটনায় পাশের আরও দুটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ভবনের বাসিন্দারা ছাড়াও পথচারীরা এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ভয়াবহতা এতো বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশপাশে থাকা সবাই আহত হয়েছেন।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতদের চিকিৎসায় প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে। আগ্রহী রক্তদাতাদের হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।