গুলিস্তানে বিস্ফোরণ

১৬ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখানে ১৬ জনের মরদেহ পেয়েছি। তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের ২৫ হাজার করে টাকা দেবে ঢাকা জেলা প্রশাসন। এছাড়া সামান্য আহত ব্যক্তিরা পাবেন ১৫ হাজার করে টাকা।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে ১৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।