ছেলের হাতে মা খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত ছেলের মারধরে মা চায়না খাতুন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত চায়না খাতুন ওই গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চায়না খাতুনকে মারপিট করে শরিফুল। এতে আহত হয় চায়না খাতুন। তাকে বাড়িতে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাত দশটার দিকে মারা যায় আহত চায়না খাতুন।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাতেই ঘাতক শরিফুল ইসলামকে পুলিশ আটক করে। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।