গৃহযুদ্ধের সময় নেপালের পাঁচ হাজার মানুষের মৃত্যুর জন্য দায় স্বীকার করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড। এ ঘটনায় সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (০৯ মার্চ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, একটি জনসভায় মাওবাদী বিদ্রোহের সময় পাঁচ হাজার মানুষের মৃত্যুর জন্য দায় স্বীকার করার পরই রিট পিটিশন দাখিল হয়েছে নেপালের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রচণ্ডকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এই পিটিশনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রচণ্ড বলছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
নিহতদের স্বজনরা পিটিশনে বলেন, যেহেতু তিন বছর আগে জনসভায় দেওয়া আপত্তিকর বক্তব্যে প্রধানমন্ত্রী প্রচণ্ড হত্যার দায় স্বীকার করেছেন, আমরা তাকে গ্রেপ্তার ও তদন্তের দাবি জানাচ্ছি। প্রচণ্ডর বিরুদ্ধে রিট পিটিশন করেছেন অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র আরান এবং অন্যান্য ভুক্তভোগীর পরিবার।
এছাড়াও আরও একটি রিট পিটিশন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। বিচারপতি ঈশ্বর খাতিওয়াদা এবং হরি কৃষ্ণ ফুয়ালের বেঞ্চ প্রশাসনকে এই দু’জনের রিট পিটিশনগুলো নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মাঘি উৎসবে দেওয়া সেই বক্তৃতার সময় প্রচণ্ড বলেন, ‘আমার বিরুদ্ধে ১৭ হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে। এটা সত্য নয়। তবে সংঘাতের সময় পাঁচ হাজার মানুষ হত্যার দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি।’ এ সময় তিনি আরও অভিযোগ করেন, সেই সময় ১২ হাজার মানুষকে খুন করেছিল তৎকালীন শাসক।