হৃদ্‌রোগে জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুবরণ

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবরটি জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের।

বৃহস্পতিবার সকালে একটি টুইটে ‘দ্য কাশ্মীর ফাইলস‌’ খ্যাত অভিনেতা লেখেন, ‘‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’

জানা গেছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক।

গত ৭ মার্চ, জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাঁকে। তার পরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। টুইটে সে কথাও জানান কঙ্গনা।