ভারতের ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির চত্বরসংলগ্ন একটি বাজার এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতের সে আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার ইঞ্জিন, ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী এবং ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণ করতে কত সময় লাগবে, তা বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি কেউই।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই পুড়ে গেছে ৪০টিরও বেশি দোকান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাজারের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল। সেগুলোও ঢেকে গেছে কালো ধোঁয়ায়।
স্থানীয় সংবাদ সংস্থা ওড়িশা টিভি জানায়, বুধবার রাত ৮টা নাগাদ প্রথম আগুন লেগেছিল গ্র্যান্ড রোডের মারিচিকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজার চত্বরের দোকানগুলোতে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ৪০টি দোকান আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস জানায়, যে সময় আগুন লাগে, সে সময় পুরীর মন্দিরের কাছেই ওই বাজার চত্বরে ছিলেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করেন কর্মীরা। তবে শেষপর্যন্ত সবাইকেই নিরাপদে উদ্ধার করা গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বাজার সংলগ্ন হোটেলগুলো থেকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় পর্যটকদেরও। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাজার চত্বরে বেশ কিছু গ্যাস সিলিন্ডারও মজুদ ছিল। সেই সব সিলিন্ডার দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।