অভিযোগ ছাড়াই গুয়ানতানামো কারাগারে ২১ বছর

প্রায় ২১ বছর পর কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন সৌদি আরবের প্রকৌশলী ঘাসান আল শারবি। বর্তমানে তার বয়স ৪৮ বছর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রকৌশলী শারবিকে যখন কারাগারে নেওয়া হয় তখন তিনি ২৮ বছরের যুবক। তবে দীর্ঘদিন আটকে রাখলেও তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি মার্কিন প্রশাসন। সন্দেহভাজন হিসেবেই কারাগারে ছিলেন শারবি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে একটি রিভিউ বোর্ড শারবির বিষয়ে মতামত দেয়। এতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নন। ফলে তাকে আটকে রাখার প্রয়োজন নেই। তিনি আল কায়েদার কোনো নেতা বা তাদের সহায়তাকারীর ভূমিকা পালন করেননি। কারাগারে সব ধরনের নীতি মেনে চলেছেন।

প্রকৌশলী শারবিকে সৌদিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে নজরদারির মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের দাবি, ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান। সেখানে বোমা তৈরির প্রশিক্ষণ নেন। পরের বছর তাকে আটক করে দেশটি। শারবিকে বিশেষভাবে টার্গেট করা হয়েছিল কারণ তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিলেন। এছাড়া টুইন টাওয়ারে বিমান হামলার সঙ্গে জড়িত দুই বিমান ছিনতাইকারীর সঙ্গে একই স্কুলে প্রশিক্ষণ নিয়েছিলেন শারবি।

এ বছর শারবিসহ অন্তত চার কয়েদীকে মুক্তি দিয়ে অন্য দেশে পাঠিয়েছে গুয়ানতানামো বে। শারবির মুক্তির পর সেখানে আর মাত্র ৩১ জন কয়েদী রয়েছেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আরও ১৭ জন ব্যক্তিকে মুক্তি দেওয়া যেতে পারে, যদি তাদের কোনো স্থিতিশীল দেশ গ্রহণ করতে রাজি হয়।