নর্ড স্ট্রিম পাইপলাইন

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বিশ্বাস করা কঠিন : রাশিয়া

বাল্টিক সাগরের নিচে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার পেছনে ‘ইউক্রেনপন্থী গোষ্ঠী’ জড়িত থাকতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা বিশ্বাস করা কঠিন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনপন্থী গোষ্ঠী’ এটি ঘটিয়েছে তা বিশ্বাস করা কঠিন। এটি খুব কঠিন একটি কাজ, যা শুধুমাত্র প্রশিক্ষিতরা করতে পারে। এ ধরনের প্রশিক্ষিত লোক পৃথিবীতে খুব বেশি নেই। আমরা অবিলম্বে একটি দ্রুত এবং স্বচ্ছ তদন্ত দাবি করছি।

এ সময় বিস্ফোরণের সাথে রাশিয়ার জড়িত থাকার তত্ত্বটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রমাণিত’ বলে অভিহিত করেন রুশ মুখপাত্র। তিনি বলেন, এখন যাই ঘটুক না কেন, রাশিয়াকেই প্রথমে দোষ দেওয়া হয়। এজন্য যাচাই-বাছাই করা হয় না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক অভিযোগ।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি দিয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ করা হয়। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছিলেন।

মঙ্গলবার (০৭ মার্চ) নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় যুক্ত রয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী। তবে পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনপন্থী গোষ্ঠী জড়িত থাকার তথ্য তারা কীভাবে পেয়েছেন, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কর্মকর্তারা।

এতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোনো গোষ্ঠী হয়তো অনানুষ্ঠানিকভাবে এই পাইপলাইনকে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ইউক্রেন বিষয়টি অস্বীকার করে আসছে।