ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড গত এক বছরে ১৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিরা আগের তুলনায় আরও দক্ষ হয়ে উঠছেন এবং বিস্ফোরক ব্যবহারের ক্ষেত্রে জটিল কৌশল প্রয়োগ করছেন। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঘটনায় এখন শুধু অদক্ষ ব্যক্তিরাই নয়, তুলনামূলক প্রশিক্ষিত ও দক্ষ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। তাঁরা সময়নির্ধারিত ও দূরনিয়ন্ত্রিত ডেটোনেটরযুক্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ (আইইডি) আরও জটিল বিস্ফোরক কৌশল ব্যবহার করছেন।
ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অভিযোগ, কিয়েভকে সহায়তা দেওয়ার কার্যক্রম ব্যাহত করতে ইউরোপজুড়ে ড্রোন ও সাইবার হামলার পাশাপাশি নাশকতামূলক অভিযান চালাচ্ছে মস্কো। গত আগস্টে জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টাকেও এসব কর্মকাণ্ডের অংশ বলে সন্দেহ করা হচ্ছে।
তবে পশ্চিমা দেশগুলোর সরকার ও গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
আইআইএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে এখনো অধিকাংশ ক্ষেত্রে অদক্ষ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নিলেও তুলনামূলক দক্ষ একটি গোষ্ঠী আরও জটিল পদ্ধতিতে হামলা চালাচ্ছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের নিয়োগদাতাদের সরিয়ে দেওয়া সম্ভব হলেও, রুশ গোয়েন্দা সংস্থাগুলোকে এতে নিবৃত্ত করা যাবে—এমন সম্ভাবনা খুবই কম।’
গবেষণা সংস্থাটির ধারণা, ভবিষ্যতেও জার্মানি ও পোল্যান্ড রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে থাকবে। কারণ, ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহায়তা পাঠানোর ক্ষেত্রে দেশ দুটির পরিবহন, সরবরাহ ও শিল্প অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইআইএসএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত নথিভুক্ত নাশকতামূলক ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। বিশেষ করে সামরিক-শিল্প খাত ও পরিবহনব্যবস্থা ছিল এসব হামলার প্রধান লক্ষ্য।
এদিকে গত মঙ্গলবার যুক্তরাজ্য ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার নাশকতার ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
তবে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস তখন এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাজ্যে হামলা চালানোর কোনো পরিকল্পনা, কারণ কিংবা অভিপ্রায় রাশিয়ার নেই।’