অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

কুষ্টিয়া মডেল থানার তরলদাহ্য ছুড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার মামলায় রোকনুজ্জামান ওরফে রনিকে (৩৮) মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম দন্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত রনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুনকে (৩৫) বাড়িওয়ালার ছেলে রোকনুজ্জামান রনি প্রথমে পেট্রোল-তারপিন মিশ্রিত দাহ্য তরল ছুড়ে এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে প্রথমে জুলেখাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর অগ্নিদগ্ধ জুলেখা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।