ঢাকা থেকে বাড়ি আসার পথে নদীতে পড়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীর চর মোন্তাজ আসার পথে জেলার দশমিনা এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল চর মোন্তজের হানিফ বিশ্বাসের ছেলে।
পুলিশ, লঞ্চ কর্তৃপক্ষ ও নিখোঁজের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামের একটি লঞ্চে চর মোন্তাজ আসছিলেন সাইফুল, তার বড় ভাই বাদশা বিশ্বাস ও এক চাচা (নাম জানা যায়নি)। ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি দশমিনা লঞ্চঘাটে পৌঁছার আগেই বাঁশবাড়ীয়ার বীজবর্ধন খামার এলাকায় তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। সাইফুলের বড় ভাই বাদশা বিশ্বাসজানান, ভোরে অজু করার সময় তৃতীয় তলার ডেক থেকে নদীতে পড়ে যান সাইফুল।
দশমিনা থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নদীতে নিখোঁজ যাত্রীকে উদ্ধারে কাজ করছেন। নিখোঁজ ব্যক্তির স্বজনরাও স্থানীয়দের নিয়ে উদ্ধারে নেমেছেন।