পানির বোতল নিয়ে অপেক্ষায় আওয়ামী নেতাকর্মীরা

প্রায় ৫ বছর পর আজ ১১ মার্চ ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে বিভাগ জুড়ে।

প্রধানমন্ত্রীর দুপুর ১টায় সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সকাল থেকে তীব্র রোদ ও গরম নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে আসতে শুরু করেছে।

এদিকে জনসভাস্থলে আগতদের জন্য পুরো মাঠ জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে অসংখ্য পানির বোতল। দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মীরা যেন রোদ এবং গরমে পানির তৃষ্ণা মেটাতে পারে সেজন্যই এই ব্যবস্থা নিয়েছে আওয়ামী নেতৃবৃন্দ।

ময়মনসিংহ সিটি মেয়রের একান্ত সচিব আরিফ হোসেন বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী সভাপতি ইকরামুল হক টিটুর ব্যক্তিগত পক্ষ থেকে পুরো মাঠে ২লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ আরও বিপুল পরিমাণ পানির বোতল মাঠে সরবরাহ করেছে।

বোররচর এলাকা থেকে জনসভায় আসা ষাটোর্ধ্ব ইমান আলী নামে এক আওয়ামী লীগ কর্মী বলেন, সকাল থেকে মাঠে প্রচণ্ড রোদ। মাঠে যারা পানির ব্যবস্থা করেছে তাদের ধন্যবাদ জানাই।