ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে বার বার বিপজ্জনক যাত্রা করছেন অভিবাসনপ্রত্যাশীরা। এবার নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশ করতে গিয়ে বিপদে পড়েছেন ১৩০০ অভিবাসনপ্রত্যাশী। অবৈধ পথে ইউরোপগামী নৌকার অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ইতালির উপকূলে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জনাকীর্ণ নৌকায় থাকা ১৩০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করতে ইতালির উপকূলে বিশাল অভিযান চলছে।
নৌকার আকার এবং অভিবাসীদের সংখ্যার কারণে এ অভিযানটিকে ‘বিশেষত জটিল’ বলছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের তথ্যমতে, উপকূল থেকে প্রায় এক হাজার ১২৫ কিলোমিটার দূরে একটি নৌকায় থাকা ৫০০ লোককে উদ্ধারের জন্য জাহাজ পাঠানো হয়েছে। এ ছাড়া ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আরও দুটি নৌকায় ৮০০ জন বিপদে রয়েছেন। তাদের উদ্ধারেও জাহাজ পাঠানো হয়েছে।
এর আগে ইতালির এই একই অঞ্চলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হয়েছিল এবং সেই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সেখানে আবারও উদ্ধার অভিযানের খবর সামনে এলো।