বগুড়ায় দুর্বৃত্তের হামলায় ১৯ মামলার আসামি নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন (৩২) নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার।

নিহত নয়ন উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, মরিয়া এলাকার বাঁশঝাড়ের মধ্যে তাস খেলার আসরে নয়ন চাঁদা দাবি করতে গেলে তার ওপর রামদা দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

ওসি সনাতন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে থানা ও ডিবি পুলিশ।