দুর্গম চর শুশুয়ায় ‘মডেল ভিলেজ’

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চর শুশুয়ায় মডেল ভিলেজ তৈরি করতে যাচ্ছে কানাডাভিত্তিক দাতা সংস্থা 'হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল'। সেই লক্ষ্যে কর্মপরিকল্পনাও শুরু করেছে সংস্থাটি। বৈঠক করছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পরামর্শ সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। সেখানে উঠে আসে নানা পরামর্শ। সংস্থাটির চিফ অপারেটিং অফিসার মাসুম মাহবুব জানান, ভূঞাপুরের যমুনা পাড়ের সুবিধা বঞ্চিত দুর্গম চর শুশুয়ার কয়েক হাজার মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মাধ্যমে উন্নত জীবনযাপনের সুবিধা দিতেই এই উদ্যোগ।

আগামী দুমাসের মধ্যে শুশুয়া ‘মডেল ভিলেজ’ তৈরির কাজ শুরুর কথা রয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল।

রোহিঙ্গা ক্যাম্পে নানামুখী সহযোগিতার পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে দাতা সংস্থাটি।